আবনা ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা ব্ল্যাকওয়াটার নামের কুখ্যাত মার্কিন সংস্থার ৪২ ভাড়াটে সেনাকে হত্যা করেছে। পশ্চিমাঞ্চলীয় বাবুল মান্দাব এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাতক বাহিনীর এ সব ভাড়াটে সেনা নিহত হয়েছে।
ইয়েমেনের আরবি ভাষার ওয়েব সাইট আল মাসিরা এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে দেশটির সামরিক সদর দফতরে 'তোচেকা' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। হামলায় সৌদি আরবের ২৩ জন, সংযুক্ত আরব আমিরাতের নয় জন এবং মরক্কোর সাত সেনাসহ অনেক কমান্ডার নিহত হয়েছে। অন্যান্য খবরে দাবি করা হয়েছে, ইয়েমেনে হামলা পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন বাহিনীর প্রায় ১৫০ সেনা নিহত হয়েছে।
হামলায় ২টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, তিনটি অ্যাপাচি হেলিকপ্টারসহ ৫০’র বেশি সামরিক যান ধ্বংস হয়েছে। এ সব সামরিক সরঞ্জামের সবই ব্ল্যাকওয়াটারের বলে জানা গেছে।
ব্ল্যাকওয়াটার নামে আমেরিকার কুখ্যাত ভাড়াটে সেনা কোম্পানি এখন 'একাডেমি' নামে কাজ করছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। ইরাক, আফগানিস্তান ও ইয়েমেনে বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে এই ভাড়াটে কোম্পানির খুনিরা।
এর আগে প্রকাশিত খবর থেকে জানা গেছে, ২০১১ সালে ৮০০ সদস্যের একটি গোপন কমান্ডো বাহিনী গঠনের জন্য ব্ল্যাকওয়াটারের সঙ্গে ৫২ কোটি ৯০ লাখ ডলারের চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশ থেকে রিক্রুট করা অনেক ভাড়াটে সেনাকে ২০১১ সালের নভেম্বরে নির্মাণ শ্রমিক হিসেবে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে বলে ওই খবরে জানানো হয়েছিল।#